গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচকভাবে’ শেষ

- প্রকাশের সময় : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / 114

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক ইতিবাচকভাবে শেষ হয়েছে। তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য সমঝোতা বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
সোমবার (৬ অক্টোবর) মিশরের শার্ম আল-শেখ শহরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হামাসের প্রতিনিধি ছাড়াও মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। মঙ্গলবারও (৭ অক্টোবর) আলোচনার পরবর্তী ধাপ চলবে বলে জানা গেছে।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আল-কাহেরা নিউজের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, প্রথম দিনের বৈঠক গঠনমূলক পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। পর্যবেক্ষকদের মতে, এই আলোচনা গাজায় চলমান রক্তপাত ও মানবিক বিপর্যয় বন্ধের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আলোচনার মূল লক্ষ্য হলো বন্দি ও জিম্মি বিনিময়ের পথ তৈরি করা। সম্ভাব্য চুক্তি অনুসারে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং এর বিনিময়ে ইসরায়েল তার কারাগারে থাকা নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতি নিয়ে তার প্রস্তাবিত পরিকল্পনায় হামাস কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি দিয়েছে। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা ভালো অগ্রগতি করছি। কিছু শর্ত পূরণ না হলে আমরা এগোবো না, তবে মনে হচ্ছে আমরা একটি কার্যকর সমঝোতার দিকে এগোচ্ছি।”
সূত্র: আল-জাজিরা, বিবিসি























