আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি
- প্রকাশের সময় : ০২:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / 115
সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি ২৯ লাখ টাকা) জিতেছেন বাংলাদেশি প্রবাসী হারুন সরদার নুর নবী সরদার। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক এবং দীর্ঘ ১৫ বছর ধরে আমিরাতের শারজাহ শহরে বসবাস করছেন।
গত শুক্রবার (৩ অক্টোবর) আবুধাবিতে অনুষ্ঠিত হয় বিগ টিকিটের সেপ্টেম্বর মাসের র্যাফেল ড্র। সেখানেই ঘোষিত হয় টিকিট নম্বর ০৩৫৩৫০ বিজয়ী হয়েছে। এই টিকিটটি গত ১৪ সেপ্টেম্বর কিনেছিলেন হারুন সরদার।
লাইভ ড্র চলাকালে বিগ টিকিটের আয়োজকরা ‘গোল্ডেন ফোন’ থেকে হারুনকে যখন বিজয়ী হওয়ার খবরটি জানান, তখন তিনি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন এবং কিছুক্ষণের জন্য কথা হারিয়ে ফেলেন। ফোনে তিনি কেবল বলেন, “আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।”
হারুন জানিয়েছেন, তিনি আরও ১০ জনের সঙ্গে মিলে এই টিকিটটি কিনেছিলেন এবং পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
২০০৯ সাল থেকে আমিরাতে থাকা এই বাংলাদেশি প্রবাসী বলেন, “আমি সব সময় বিশ্বাস করতাম, একদিন ভাগ্য বদলাবে। সেই বিশ্বাস থেকেই প্রতিমাসে বিগ টিকিট কিনে যেতাম। আজ সেই স্বপ্ন সত্যি হলো।”
একই ড্রতে আরও কয়েকজন প্রবাসী মূল্যবান পুরস্কার জিতেছেন।
আলি হোসেন আলি নামে আবুধাবি প্রবাসী এক বাংলাদেশি ৫০ হাজার দিরহাম জিতেছেন।
জাজরুল ইসলাম ফকির আহমেদ, আল-আইন প্রবাসী আরেক বাংলাদেশিও পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবী, শারজাহ প্রবাসী এক বাংলাদেশি একই ড্রতে জিতেছেন একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি।
‘স্পিন দ্য হুইল’ প্রতিযোগিতায় কাতার প্রবাসী রিয়াজের পক্ষ থেকে তার প্রতিনিধি আশিক মোত্তম অংশ নিয়ে জিতে নেন ১ লাখ ৫০ হাজার দিরহাম।
বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য র্যাফেল ড্রতে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে ২ কোটি ৫০ লাখ দিরহাম। অক্টোবর মাস জুড়ে প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী পাবেন ২৫০ গ্রাম করে ২৪ ক্যারেটের স্বর্ণবার।
সূত্র: খালিজ টাইমস


























