বিসিবি নির্বাচন নিয়ে মুখ খুললেন ইশরাক হোসেন
- প্রকাশের সময় : ১০:৩০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 89
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়ে জল্পনা ও বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনীতিবিদদের ক্রীড়াঙ্গনে ভূমিকা নিয়ে মন্তব্য করেন।
ইশরাক বলেন, “নির্বাচনকে প্রভাবিত না করার জন্য আগে কোনো পাবলিক প্ল্যাটফর্মে কথা বলিনি। আজ অল্প কিছু বলছি, কারণ সব খুলে বললে অনেকের পোশাক পর্যন্ত খুলে যেতে পারে।”
তিনি আরও জানান, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সন্তানরা ক্রিকেট বোর্ডে আসার চেষ্টা করেছেন দেশের ও জাতির কল্যাণে। তিনি বলেন, “কিছু মানুষ বলছে, রাজনীতিবিদ বা তাদের পরিবারের কেউ ক্রীড়া সংগঠক হওয়া হারাম। এটি কোনো কেলেঙ্কারি বা আইন লঙ্ঘন নয়।”
ইশরাকের মতে, যারা প্রার্থী হয়েছেন, তারা যোগ্য, শিক্ষিত, ক্রিকেটপ্রেমী এবং সম্পদশালী। তাদের উদ্দেশ্য ছিল কেবল ক্রিকেটকে এগিয়ে নেওয়া এবং জাতীয় ও জেলা পর্যায়ে অবদান রাখা। তবে তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় ‘কিংস পার্টি’র ইন্ধনে উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন এবং দলের নির্বাচিত কাউন্সিলর নিয়োগে বৈষম্য সৃষ্টি হয়েছে।
পোস্টের শেষে ইশরাক বলেন, “বিএনপির পরিবারের সদস্যরা ১৭ বছর ধরে বৈষম্যের শিকার হয়েছেন। এখন সরকারের কিছু উপদেষ্টা সেই একই পথ অনুসরণ করছেন। মহান আল্লাহ চাইলে, তারা বিসিবিতে কী করছে এবং কতটা অবদান রাখছে, তা অচিরেই দেখা যাবে।”




















