যুক্তরাষ্ট্রে গির্জায় সাবেক মার্কিন সেনার গুলি, হামলাকারীসহ নিহত ৫

- প্রকাশের সময় : ০১:৩৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 100

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাংক শহরে একটি গির্জায় বন্দুক হামলায় ৪ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হন হামলাকারীও।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালবেলায় শতাধিক মানুষ প্রার্থনায় অংশ নিতে গির্জায় উপস্থিত ছিলেন। এ সময় সাবেক মার্কিন সেনা থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০) গাড়ি চালিয়ে গির্জায় ঢুকে নির্বিচারে গুলি চালান এবং পরে ভবনে অগ্নিসংযোগ করেন।
পুলিশ জানায়, হামলার ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দুই কর্মকর্তা। চার্চের পার্কিং লটে তাদের গুলিতে নিহত হন স্যানফোর্ড। নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্যানফোর্ড মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখায় ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাকে দায়িত্ব পালন করেছিলেন। হামলার কারণ এখনো জানা যায়নি। তার বাসস্থান ও ফোন রেকর্ড পরীক্ষা করছে পুলিশ।
এর মাত্র ১৪ ঘণ্টা আগে নর্থ ক্যারোলাইনার একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছিলেন।

























