প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্বনেতারা
- প্রকাশের সময় : ১২:৪৫:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 95
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বিশ্বের কয়েকজন শীর্ষ নেতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তারা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে বিশেষজ্ঞ সহায়তা ও অভিজ্ঞতা দেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে-ফ্রেইবার্গার, স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরুত পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ, বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিয়েভ, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো জোসিপোভিচ, বসনিয়া-হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট এমলাদেন ইভানিচ ও মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরিব-ফাকিম।
কর্মসূচিতে কমনওয়েলথের সাবেক মহাসচিব, কয়েকজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক সহ-সভাপতি এবং অন্যান্য আন্তর্জাতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা অধ্যাপক ইউনূসের নেতৃত্ব, দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক ন্যায়বিচারে অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অধ্যাপক ইউনূস বলেন, দেশের জনগণ রাতারাতি পরিবর্তনের আশা করে, অথচ সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সহায়তার আহ্বান জানান।





















