এবার টঙ্গীর আগুনে প্রাণ গেল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নাঈমের
- প্রকাশের সময় : ১১:২৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 90
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) খন্দকার জান্নাতুল নাঈম (৩৭)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে নাঈম দগ্ধ হন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন সদস্য আহত হন, তাদের মধ্যে এখন পর্যন্ত তিনজন মারা গেলেন। এর আগে ২৩ সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং ২৪ সেপ্টেম্বর নুরুল হুদা মারা যান।
খন্দকার জান্নাতুল নাঈম ১৯৮৮ সালের ২৪ আগস্ট শেরপুরের নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। মোল্লারটেক উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি, ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১৬ সালের ২৪ আগস্ট তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগ দেন। চাকরি জীবনে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে স্টেশন অফিসার হিসেবে দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হন। সর্বশেষ তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে জান্নাতুল নাঈম বিবাহিত ছিলেন এবং এক সন্তানের জনক।
দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত ৫১ জন ফায়ার সার্ভিসের সদস্য প্রাণ দিয়েছেন। সর্বশেষ এই তালিকায় যুক্ত হলো খন্দকার জান্নাতুল নাঈমের নাম।





















