রাজনৈতিক দলগুলো শিগগির ‘জুলাই সনদ’ সই করবে: প্রধান উপদেষ্টা
- প্রকাশের সময় : ১০:২৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / 82
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন যে দেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’ সই করবে।
তিনি বলেন, বাংলাদেশের সংস্কারের লক্ষ্য হলো আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেন তিনি।
প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে রয়েছে। তিনি আশা করেন, ১১টি জাতীয় কমিশনের প্রস্তাবিত বড় ধরনের সংস্কার বাংলাদেশে অর্থবহ রাজনৈতিক রূপান্তরের পথ তৈরি করবে।
তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর আলোচনার চূড়ান্ত পর্যায় চলছে এবং দলগুলো দ্রুতই ‘জুলাই সনদ’ সই করবে।
বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং পাকিস্তানের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। শেহবাজ শরিফ জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের দুর্যোগ ঘন ঘন হওয়ার কথা উল্লেখ করেন।
এ সময় তিনি ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।





















