শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজবাড়ীর ৪৩৯ মন্ডপে, কঠোর নিরাপত্তা প্রস্তুতি প্রশাসনের

- প্রকাশের সময় : ০৮:১৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 157

দেবী দুর্গার আবাহন ঘনিয়ে আসছে। চারদিকে বাজছে ঢাক-ঢোলের শব্দ, প্রতিমা নির্মাণ শেষের পথে, মণ্ডপগুলোতে সাজসজ্জার রঙতুলি ছুঁই ছুঁই। ভক্তদের মনে জাগছে আনন্দ-উচ্ছ্বাস আর ভক্তিভরে দেবীকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। এ বছর রাজবাড়ী জেলায় ৪৩৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে, যা গত বছরের তুলনায় বেশি।
পূজা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী— সদর উপজেলায় ১১০টি, গোয়ালন্দে ২৫টি, বালিয়াকান্দিতে ১৪৯টি, কালুখালীতে ৫৭টি এবং পাংশায় ৯৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে একের পর এক সভা ও মতবিনিময়।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন,
“জেলা পুলিশের সব ইউনিট, গোয়েন্দা শাখা ও সাইবার টিম সতর্ক অবস্থায় রয়েছে। প্রতিটি মণ্ডপে কঠোর নজরদারি থাকবে।”
রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে রাজনীতির ভেদাভেদ ভুলে পূজা উপলক্ষে সক্রিয় মাঠপর্যায়ে কাজ করছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। বিএনপি, জামাতসহ বিভিন্ন দলের নেতারা মণ্ডপে মণ্ডপে গিয়ে খোঁজ নিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন নিরাপত্তার। রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ বলেন,“সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র আর সফল হবে না। সনাতনী ভাইবোনেরা নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন—এ লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরাও সক্রিয় থাকবে।”
মাঠপর্যায়ের সাজসজ্জা ও আনন্দ পরিবেশের মধ্যে দিয়ে গ্রামের মণ্ডপগুলোতেও এখন ব্যস্ততা—বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার কালীবাড়ি, মধ্যবাজার সার্বজনীন মন্দির ও গোসাইবাড়ি মন্দিরে প্রতিমা নির্মাণ শেষ হয়ে এখন চলছে সাজসজ্জার কাজ। আলোকসজ্জায় ঝলমল করছে চারদিক।
বহরপুর মধ্যবাজার সার্বজনীন দুর্গামন্দির পূজা কমিটির সভাপতি শ্রী রাম সাহা বলেন,
“প্রশাসনের সার্বক্ষণিক সহযোগিতায় আনন্দঘন পরিবেশে পূজা হবে। মন্দিরে নিরাপত্তা হিসেবে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।”
ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর পূজা কমিটির সেক্রেটারি শুশান্ত কুমার সিকদার জানান,
“প্রতি বছর গ্রামের দু’টি মণ্ডপে পূজা হয়। এবারের প্রস্তুতিও প্রায় শেষ, সবাই মিলে আনন্দঘন পরিবেশে পূজা পালন করব।”
বহরপুর কালীবাড়ি সার্বজনীন মন্দিরের সহযোগী শ্রী বিপ্লব কুমার পাল, শ্রী সঞ্জয় কুমার কুণ্ডু ও অনিমেষ দাস বলেন,
“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ। প্রশাসন ও রাজনৈতিক দলগুলো নিবিড়ভাবে কাজ করছে। আশা করছি, শান্তিপূর্ণভাবেই পূজা সম্পন্ন হবে।”
গণপত্যা সার্বজনীন দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক শ্রী প্রদ্বীপ কুমার মণ্ডল বলেন,
“এখানে হিন্দু-মুসলিম ভেদাভেদ নেই। সবাই মিলেই উৎসব পালন করি। আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী কমিটি নিরাপত্তায় কাজ করবে।”
উৎসবের আমেজে রাজবাড়ী জেলায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিমার সাজসজ্জা, আলোকমালার ঝলকানি, ভক্তদের মুখে আনন্দ—সব মিলিয়ে আসন্ন দুর্গাপূজা হয়ে উঠছে সম্প্রীতির, ভক্তির আর আনন্দোৎসবের মহামিলন।
সুধীজনদের প্রত্যাশা—প্রশাসন, রাজনৈতিক দল ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে এবারও রাজবাড়ীতে শারদীয় দুর্গাপূজা মহাসমারোহে সম্পন্ন হবে।
























