স্বাস্থ্যসেবা বিভাগে ৩ পদ বিলুপ্ত
- প্রকাশের সময় : ১০:৪০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / 101
স্বাস্থ্যসেবা বিভাগ লাইন ডিরেক্টর (এলডি), প্রোগ্রাম ম্যানেজার (পিএম) ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) পদ বিলুপ্ত করেছে।
গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পরিকল্পনা অনুবিভাগ) ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, সেক্টর কর্মসূচিভিত্তিক উন্নয়ন কার্যক্রমের সমাপ্তির ফলে অপারেশন প্ল্যান (ওপি) পরিচালনার সঙ্গে সম্পর্কিত এই পদগুলো আর কার্যকর নয়। তাই এগুলো ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি বিলুপ্ত পদে থাকা জনবলকে দ্রুত যথাযথ পদে পুনর্বিন্যাসের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে।























