ডাকসুতে বিপুল ভোটে জিতলেন সেই তন্বি
- প্রকাশের সময় : ১২:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 90
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্বি বিজয়ী হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। তন্বি ১১,৭৭৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিজের ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তন্বি। তার সম্মানে স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পর ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদসহ ছয়টি প্যানেল।
ফলাফলে দেখা গেছে, ডাকসুর ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেল বিপুল ভোটে জয় পেয়েছে।
ভিপি পদে: সাদিক কায়েম ১৪,০৪২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট।
জিএস পদে: এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫,২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু ৪,৯৪৯ ভোট পেয়েছেন।
এজিএস পদে: মুহা. মহিউদ্দীন খান ১১,৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা ৩,৩৮৯ ভোট ও শামীম হোসেন ৩,৮৮৪ ভোট পেয়েছেন।
তন্বি তার জয় নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিশেষভাবে তাঁদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন যারা তার স্বতন্ত্র প্রার্থিতা সম্মান করে পদটি ফাঁকা রেখেছিলেন।
এবারের ডাকসু নির্বাচনে প্রায় সব পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়ী হয়েছে।


























