নতুন গানে ঝড় তুলতে আসছেন শিল্পী নাসির উদ্দিন

- প্রকাশের সময় : ০৮:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / 330

বাংলাদেশের সংগীতাঙ্গনে যোগ হতে যাচ্ছে নতুন রঙ, নতুন সুর। রাজবাড়ীর কৃতি সন্তান, কণ্ঠশিল্পী নাসির উদ্দিনের তিনটি মৌলিক গান শীঘ্রই প্রকাশ পেতে যাচ্ছে, যেগুলোতে থাকছে ভিন্ন আবেগ, সুর ও কথার অনন্য মিশ্রণ।
গত ২৩ আগস্ট গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
খুব শিগগিরই গানগুলো প্রকাশ পাবে ডিজিটাল প্ল্যাটফর্ম ও টেলিভিশন চ্যানেলে।
প্রথম গান: “তোর ছলনার প্রেমে পইড়া আমি যে কান্দিরে”। কথা ও কণ্ঠ : নাসির উদ্দিন, সুর : জয়নুল আবেদিন, এই গানটিতে প্রেমের আবেগ ও ছলনার বেদনা ফুটিয়ে তোলা হয়েছে। ভিন্ন ধারার সুর ও কথার কারণে এটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আশা শিল্পীর।
দ্বিতীয় গান: “আর হবে না দেখা, আর হবে না কথা তোমার সাথে”কথা, সুর ও কণ্ঠ: নাসির উদ্দিন, এই গানে প্রেম-বিচ্ছেদের কষ্ট আর স্মৃতির রেশ গানে গানে ধরা দিয়েছে। প্রতিটি লাইনে পাওয়া যাবে হৃদয়ের গভীর অনুভূতির প্রকাশ।
তৃতীয় গান: “ভবের পাগল ঘুরে রাস্তায় মনের পাগল বৃন্দাবন” কথা: শানু মল্লিক, সুর: মনির সওদাগর, এই গানটি আধ্যাত্মিক ভাব ও লোকজ ঘরানার সুরে সাজানো হয়েছে, যা শ্রোতাদের নিয়ে যাবে অন্য এক জগতে।
তিনটি গানের মিউজিক কম্পোজিশন করেছেন মিউজিক কম্পোজার ও শিল্পী শামীম আশিক। আধুনিক বাদ্যযন্ত্রের সুমধুর ব্যবহারে ও মনোমুগ্ধকর অ্যারেঞ্জমেন্টে প্রতিটি গানই পেয়েছে বিশেষ মাত্রা।
শিল্পী নাসির উদ্দিন অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই তিনটি গান আমার সংগীতজীবনের নতুন অধ্যায়। প্রতিটি গানের মাধ্যমে আমি শ্রোতাদের ভিন্ন ভিন্ন আবেগ উপহার দিতে চাই। আশা করি সবাই গানগুলো গ্রহণ করবেন এবং ভালোবাসবেন।”






















