১২ আগস্ট থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
- প্রকাশের সময় : ০৩:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 263
সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবিতে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী ১২ আগস্ট সকাল ৬টা থেকে ১৫ আগস্ট সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে যশোরের বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাইফুল আলম। সভায় বরিশাল, খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় নেতারা সড়ক পরিবহন আইন-২০১৮-কে ‘কালো আইন’ হিসেবে উল্লেখ করে এর ৯৮ ও ১০৫ নম্বর ধারা এবং অন্যান্য সুপারিশকৃত ধারাগুলো সংশোধনের দাবি জানান। এছাড়া বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করার প্রস্তাব দেন তারা। বাজেটে আরোপিত দ্বিগুণ অগ্রিম কর প্রত্যাহার, রিকন্ডিশন বাণিজ্যিক যানবাহন আমদানির মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা, দুর্ঘটনাকবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় হস্তান্তর এবং পুরনো যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়নের দাবিও তোলেন তারা।
এছাড়া মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনবিহীন হালকা যানবাহনের পৃথক লেনে চলাচল নিশ্চিত করা, ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগের সভাপতি আনিসুর রহমান লিটন। বক্তব্য দেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী।




















