নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

- প্রকাশের সময় : ১১:৫৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 80

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আইড়মারী ব্রিজের পাশে শ্রীরামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে সকাল সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি জানান, দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি যানবাহনের মধ্যে সংঘর্ষটি ছিল খুবই ভয়াবহ। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রীদের প্রাণহানি ঘটে।
পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণে এ সংঘর্ষ ঘটে থাকতে পারে।






















