চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ

- প্রকাশের সময় : ০৭:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 121

ভিজিএফ এর চাল না পেয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলেরা। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার মৎস্য অফিসের সামনে শতাধিক জেলে জড়ো হয়ে এই বিক্ষোভে অংশ নেন।
জানা গেছে, সরকার প্রতি বছর জাটকা আহরণ বন্ধ রাখার সময় মৎস্যজীবী পরিবারের জন্য দুই দফায় মোট ১৬০ কেজি করে চাল বরাদ্দ দেয়। যার মাধ্যমে একটি পরিবারকে ৮০ কেজি করে চাল দেওয়া হয়। এবারের বরাদ্দে অনেক জেলে বাদ পড়ায় অসন্তোষ দেখা দিয়েছে। জেলেদের অভিযোগ, তালিকা তৈরির ক্ষেত্রে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতিত্ব হয়েছে। কেউ দাবি করেন, প্রকৃত জেলে বাদ পড়ে অনেকে সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের জেলে কমল বিশ্বাস জানান, গত বছর তিনি চাল পেয়েছিলেন। তার ইলিশ মাছ ধরার কার্ডও আছে। অথচ এবার তার নাম নেই। তারা প্রকৃত জেলে। বংশানুক্রমে তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। চাল না দিয়ে তার উপর খুবই অন্যায় করা হয়েছে।
লক্ষীকোল গ্রামের জেলে সালাম মন্ডল বলেন, নদীতে এখন ইলিশ ধরতে দেওয়া হয় না। আবার সরকারি সহায়তাও পাওয়া যাচ্ছে না। গত বছর চাল পেয়েছি, এবার বাদ পড়েছি। কার্ড থাকা সত্তে¡ও চাল না পেলে আমরা বাঁচব কীভাবে?
তবে জেলেদের অভিযোগ অস্বীকার করে রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার হালিমা সরদার বলেন, রাজবাড়ী সদর উপজেলায় কার্ডধারী জেলের সংখ্যা ৪ হাজার ৩শ জন। গত বছর ২ হাজার একশ জনের বরাদ্দ এসেছিল। এবার এসেছে এক হাজার চারশ জনের। যেকারণে সমস্যাটা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভবিষ্যতে বরাদ্দ বাড়ানোর জন্য অনুরোধ করা হবে।
























