পাংশায় ভূমি উন্নয়ন মেলা
- প্রকাশের সময় : ০৯:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 112
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা।
রোববার সকালে পাংশা উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা।
অনুষ্ঠানে জানানো হয়, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, জমির খতিয়ান ও মৌজার ম্যাপ সরবরাহসহ ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
ভূমি মেলা উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাএস এম আবু দারদার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা দেবনাথ অপু, পিআইও আসলাম হোসেন, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জমির খাজনা ও নামজারিসহ ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবাগুলো এখন সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে গ্রহণ করা সম্ভব। জনগণের মধ্যে এই সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাই এ মেলার উদ্দেশ্য।


























