বিক্ষুদ্ধ জনতার রোষাণলে পুলিশ
শাহীন হত্যার প্রতিবাদে মানববন্ধন

- প্রকাশের সময় : ০৭:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / 150

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর শাহীন হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রোববার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে বিক্ষুব্ধ জনতার মারধরে আহত হন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেন। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। সাদা পোশাকে তিনি তার এক সহকর্মীকে নিয়ে মামলার তদন্ত করতে গিয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শাহীন হত্যার প্রতিবাদে এবং হত্যার সাথে জড়িত সাম বিশ^াস, মুক্তার বিশ^াস, রাফিজুল বিশ^াস গংদের বিচার দাবিতে বিকাল চারটার দিকে ‘বসন্তপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে রাজাপুর এলাকার রাস্তার পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৩০ মিনিটকাল মানববন্ধন চলাকালে নিহত পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় কয়েকজন বক্তব্য দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি অভিযুক্ত সাম বিশ^াসের বাড়ি অতিক্রম করার সময় সাদা পোশাকে এসআই সাব্বির হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। মামলার এজাহার ও বাদী নিয়ে নানান প্রশ্ন করা হয় এসআই সাব্বিরকে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা এসআই সাব্বিরকে মেরে মাথা ফাটিয়ে দেয়। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর হাসপাতালে চিকিৎসাধীন এসআই সাব্বির হোসেন জানান, মামলার তদন্ত করতে তিনি সেখানে যান। হত্যায় অভিযুক্ত সাম বিশ^াসের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। ওই সময় মিছিলকারীরা সাম বিশ^াসের বাড়ি ভাংচুর করতে গেলে তিনি বাধা দেন। যেকারণে তার উপর হামলা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বাদীপক্ষের হামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা ্এসআই সাব্বির আহত হয়েছেন। সে মামলার তদন্ত করতে গিয়েছিল। বাড়ি ভাংচুরে বাধা দেওয়ায় তার উপর হামলার হয়েছে।
























