আজ প্রাইজবন্ডের ১১৯তম ড্র
- প্রকাশের সময় : ০৮:৪৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / 104
আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র। প্রতিবছর নির্ধারিত চারটি তারিখে এ ড্র অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩০ এপ্রিল তারিখটি অন্যতম।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তত্ত্বাবধানে এ ড্র অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রথম পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি পাবেন ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কারের পরিমাণ তিন লাখ ২৫ হাজার টাকা। তৃতীয় পুরস্কার হিসেবে এক লাখ টাকা, চতুর্থ পুরস্কারে ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার বিজয়ীদের প্রত্যেকে পাবেন ১০ হাজার টাকা করে।
প্রাইজবন্ডের প্রতিটি সিরিজে ঘোষিত সংখ্যাগুলো একই পুরস্কারের জন্য বিবেচিত হয়। অর্থাৎ ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের বন্ড একই পুরস্কার পেতে পারে।
ড্রয়ের আওতায় আসে শুধুমাত্র সেইসব প্রাইজবন্ড, যেগুলো ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে বিক্রি হয়েছে (ড্রয়ের দিন বাদে)।
প্রাইজবন্ড পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কাটা হবে—এমন বিধান রাখা হয়েছে আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারায়।
উল্লেখ্য, প্রতিবছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ড ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে যদি কোনো সরকারি ছুটি থাকে, তবে পরবর্তী কর্মদিবসে ড্রটি সম্পন্ন হয়।

























