চট্টগ্রাম-কুনমিং সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা

- প্রকাশের সময় : ০৪:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / 126

চীনের কুনমিং শহরে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের সুবিধার্থে চট্টগ্রাম-কুনমিং সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস।
শনিবার (২৯ মার্চ) চীনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।
প্রেস উইং জানিয়েছে, চীন ইতোমধ্যে কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য বরাদ্দ করেছে। তবে বিমান ভাড়ার উচ্চ খরচ এই সেবার প্রধান বাধা হিসেবে দেখা দিয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে ভ্রমণ ব্যয় ও সময় উভয়ই কমে আসবে। এতে বাংলাদেশিরা সহজেই চীনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য হাসপাতালে নির্দিষ্ট ফ্লোর বরাদ্দ এবং চিকিৎসার খরচ চীনা নাগরিকদের মতো একই ফি রাখা হয়েছে।
ঢাকা-কুনমিং রুটের বিমান ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ বিষয়ে চীনা কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে আরও স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আগামী এপ্রিল মাসে বাংলাদেশি সাংবাদিকদের একটি দল কুনমিংয়ে চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণে যাবে। সংশ্লিষ্টরা আশা করছেন নতুন ফ্লাইট চালু হলে চিকিৎসা নেওয়া আরও সহজ ও সাশ্রয়ী হবে।























