‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / 312
‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি, গণঅভ্যুত্থানে গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন এবং ‘আদিবাসী’ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও পুলিশি নিপীড়নের বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র পরিষদ ও রাজশাহী মহানগর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে পুনরায় বুদ্ধিজীবী চত্বরে উপস্থিত হয়ে সমাবেশ করেন।
ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারওয়ার বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ‘আদিবাসী’ শিক্ষার্থীরা তাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছিল, কিন্তু ‘স্টুডেন্টস ফর সাভার’ নামের একটি সংগঠন তাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ঘটনায় আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই। পাশাপাশি, ‘আদিবাসী’দের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিয়ে একটি সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানাই।”
বিক্ষোভ মিছিলটি পরিচালনা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক হাসান শাহারিয়ার আলিফ। মিছিল ও সমাবেশে বিভিন্ন সংগঠন ও শতাধিক শিক্ষক-শিক্ষার্থী একাত্মতা প্রকাশ করেন।

























