৩শ গ্রাহকের টাকা নিয়ে উধাও সমিতি মালিক

- প্রকাশের সময় : ০৬:৫৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / 458

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে প্রায় তিনশ গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে গেছে সমিতি মালিক শ্যামল কুমার সাহা। গত ৩ জুন থেকে সপরিবারে নিখোঁজ তিনি। শ্যামল রাজবাড়ী পৌর এলাকার লক্ষীকোল গ্রামের বাসিন্দা। প্রতারণার শিকার গ্রাহকদের দাবি শ্যামল কমপক্ষে ৪০ লাখ টাকা হাতিয়ে পালিয়ে গেছে।
জানা গেছে, ২০০১ সালে শ্যামল তার দুই বন্ধুকে নিয়ে সোনার তরী স্বেচ্ছাসেবী সংস্থা নামে একটি সঞ্চয় সমিতি গড়ে তোলেন। সংস্থাটির কার্যক্রম সঞ্চয় এবং ঋণদানের মধ্যে সীমাবদ্ধ ছিল। গত কয়েক বছর আগে সমিতির অপর দুজন অংশীদারিত্ব ত্যাগ করায় শ্যামল একাই চালাতেন কার্যক্রম। এ পর্যন্ত রাজবাড়ী শহরের বিনোদপুর, লক্ষীকোল গ্রামের সাধারণ নারী-পুরুষ এবং রাজবাড়ী বাজারের ব্যবসায়ী মিলিয়ে তার সমিতির সদস্য সংখ্যা প্রায় তিনশ। দৈনিক অথবা সাপ্তাহিক ভিত্তিতে সদস্যরা ৫০ টাকা থেকে দুশ টাকা পর্যন্ত সঞ্চয় জমা দিতেন। খোঁজ নিয়ে জানা গেছে, অনেক সদস্য পাঁচ ছয় বছরের অধিক সময় ধরে সঞ্চয় দিয়ে আসলেও তাদের জমানো টাকা ফেরত দেননি শ্যামল। আবার অধিক লাভ দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকাও ধার নিয়েছেন। সে টাকাও ফেরত দেননি। এক্ষেত্রে তার খুব ঘনিষ্ঠ বন্ধুদেরও ছাড়েননি। তার সমিতির নিবন্ধন নিয়েও রয়েছে ধোঁয়াশা। সমিতির সঞ্চয় বইতে রেজিঃ নং রাজ ৩৯৩ থাকলেও জেলা সমবায় অফিস জানিয়েছে এ নামে কোনো সমিতির নিবন্ধন তারা দেননি। ঠিকানা মাছ বাজার রোড, রাজবাড়ী থাকলেও সেখানে কোনো অফিস নেই। তবে মাছবাজার সংলগ্ন পান বাজারে তার বড় ভাইয়ের মুদি দোকান রয়েছে।
রাজবাড়ী শহরের স্টেশন রোড এলকার ব্যবসায়ী সুশান্ত সাহা সমিতি মালিক শ্যামল সাহার ঘনিষ্ঠ বন্ধু। সুশান্ত সাহা ওই সমিতির সদস্য ছিলেন। সুশান্ত সাহা জানান, প্রতিদিন একশ টাকা করে গত এক বছরের বেশি সময় ধরে তিনি জমা দিতেন। তার হিসেবে মোট ৩৮ হাজার টাকা সঞ্চয় হয়েছে। গত দুই মাস ধরে তিনি তার সঞ্চয়ের টাকা ফেরত চাইলেও শ্যামল তা দেননি। সর্বশেষ গত ২ জুন শ্যামল বলেছিলেন ৪ তারিখে টাকা দেবেন। কিন্তু ৩ তারিখ থেকেই সে নিখোঁজ।
বিনোদপুর গ্রামের বাসিন্দা বন্দনা পোদ্দার জানান, তার স্বামী পেশায় হোমিও চিকিৎসক। পাঁচ বছর আগে শ্যামলের সমিতির সদস্য হন। সপ্তাহে একশ টাকা করে সঞ্চয় জমা দিতেন। এ পর্যন্ত ১৫ হাজার টাকার বেশি জমেছে। টাকা চাইলে বলতো ‘একবারে বেশি দেবনে’। গত বছর করোনার সংক্রমণ শুরু হওয়ার পর টাকা চাইলে বলেছিল; করোনার পরে টাকা দেবে। এভাবে টাকা মেরে চলে যাবে কখনই ভাবতে পারিনি। তিনি আরও জানান এ এলাকার প্রায় সব পরিবারে শ্যামলের সমিতির সদস্য আছে। কারও টাকাই ফেরত দেয়নি সে।
একই গ্রামের বাসিন্দা আনন্দ শীলের স্ত্রী বন্দনা রানী শীল জানান, তার ১২ হাজার টাকা জমেছিল। তার ভাই সুজনের জমেছে ৩২ হাজার টাকা। গত বছর দুর্গাপূজার সময় বলে কয়ে কিছু টাকা নিয়েছিলাম। আর কোনো টাকা দেয়নি।
শ্যামলের ঘনিষ্ঠ বন্ধু প্রবীর সাহা জানান, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে শ্যামল তার কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নেয়। কথা ছিল এক মাসের মধ্যে টাকা ফেরত দেবে। কিন্তু টাকা আর দেয়নি। এনিয়ে তার সাথে কথা কাটাকাটিও হয়েছে। নিখোঁজের দুদিন আগে শ্যামল বলেছিল এক সপ্তাহের মধ্যে টাকা দেবে। কিন্তু তা না দিয়েই সে উধাও হয়ে গেছে।
শ্যামলের বড় ভাই রাজবাড়ী পান বাজারের মুদি ব্যবসায়ী কল্যাণ সাহার কাছে এ বিষয়ে জানতে চাইলে জানান, শ্যামলের শাশুড়ির শরীর খারাপের কথা বলে ৩ জুন তারিখ রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে চলে যায়। তারপর থেকে মোবাইল ফোন বন্ধ। সব জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও নেই। আমরা জানিনা সে কোথায় আছে। শ্যামল চলে যাওয়ার পর মানুষজন এসে তার কাছে বলছে; শ্যামলের কাছে টাকা পাবে। শ্যামল নিখোঁজের ঘটনায় থানায় কোনো জিডি করা হয়েছে কীনা জানতে চাইলে বলেন, কোনো জিডি করা হয়নি।
রাজবাড়ী জেলা সমবায় কর্মকর্তা এইচ এম সহিদ উজ জামান জানান, এই নামে কোনো সংস্থার নিবন্ধন তারা দেননি। গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার বিষয়ে কেউ তার কাছে অভিযোগ করেনি। খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন বলে জানান তিনি।
অভিযুক্ত শ্যামল কুমার সাহার মোবাইল ফোনে বহুবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া গেছে।






















