ডিজিটাল নিরাপত্তা মামলায় কথিত ‘সাংবাদিক’ গ্রেপ্তার

- প্রকাশের সময় : ০৭:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / 349

জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ ঘাট থানায় সাংবাদিকের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় জনতার বিবেক নামের অনলাইন ভিত্তিক টিভি চ্যানেলের রিপোর্টার সুজন খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ মামলাটি করেন।
পুলিশ মঙ্গলবার দিনগত রাত ১১ টার দিকে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে মামলার প্রধান আসামি সুজন খন্দকার ওরফে ডেসটিনি ইউসুফকে (৩০) গ্রেফতার করে। সে উপজেলার দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়ার মৃত মোহাম্মদ আলী খোন্দকারের ছেলে। দৌলতদিয়া থেকে পরিচালিত ফেসবুক ও ইউটিউব নির্ভর “জনতার বিবেক টিভি’র” চেয়ারম্যান ও নিজস্ব প্রতিনিধি। দৌলতদিয়া যৌনপল্লীর একজন চিহ্নিত বাড়ীওয়ালা ও দৌলতদিয়া ঘাট এলাকার একজন চিহ্নিত পরিবহন দালাল বলে জানা গেছে। এর আগে বেশ কয়েকটি মামলায় বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছিল। এ ধরণের কথিত সাংবাদিকের দৌরাত্মে অতিষ্ঠ মূলধারার সাংবাদিকরা।
মামলার এজহার সূত্রে জানা যায়, সরকারী নীতিমালা লংঘন করে অবৈধ, অনুনমেদিত ও ভুঁইফোঁড় টিভি চ্যানেলের বিভিন্ন পদ-পদবী ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অসৎ উদ্দেশ্যে এবং অবৈধ লাভের বশবর্তী হয়ে দীর্ঘদিন ধরে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানারুপ অপপ্রচার এবং ক্ষেত্র বিশেষে তৈলবাজির মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহন করে আসছে জনতার বিবেক নামের অনলাইন টিভি চ্যানেল কর্তৃপক্ষ। গত ১৭ এপ্রিল তারিখ যুগান্তরে “গোয়ালন্দে শতাধিক নারীর কার্ড জব্দের অভিযোগ, খাদ্য সহায়তার নামে ইউপি চেয়ারম্যানের কারসাজি” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। দৈনিক যুগান্তরের তথ্যবহুল ওই সংবাদটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপকৌশল হিসেবে ১৯ এপ্রিল বিতর্কিত ওই ইউপি চেয়ারম্যানের উন্নয়নমুখী কর্মকান্ড প্রচারণার অজুহাতে একটি প্রতিবেদন ফেসবুক ও ইউটিউবে প্রচার করে। প্রতিবেদনের একটি অংশজুড়ে তারা যুগান্তরে প্রকাশিত সংবাদটিকে মিথ্যা বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। সেইসাথে প্রতিবেদনে যুগান্তর প্রতিনিধি শামীম শেখের ছবি বারবার প্রদর্শন ও উৎকোচ গ্রহনের মিথ্যা প্রচারনার মাধ্যমে তাকে সামাজিকভাবে অপমান, অপদস্থ ও হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালায়।
এ অবস্থায় গোয়ালন্দ প্রেসক্লাবের সাংবাদিকরা গত ১ মে শনিবার রাতে এক জরুরী সভার মাধ্যমে কথিত জনতার বিবেক টিভি’র অপ-সাংবাদিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আইনী প্রক্রিয়ায় তাদেরকে মোকাবিলার সর্বসম্মত সিদ্ধান্ত নেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩ মে সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ সালের ২৫/২৯/৩১ ধারায় ওই মামলাটি দায়ের করা হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার জানান, একটি অনুসন্ধানী প্রতিবেদন বিতর্কিত করার অপচেষ্টা করায় গোয়ালন্দে কর্মরত সাংবাদিকরা চরম ভাবে ক্ষুব্ধ। এ ফেসবুক সাংবাদিকতার নামে এ ধরনের কর্মকান্ড ভবিষ্যতে মূলধারা সাংবাদিকতা বাধাগ্রস্থ হবে। তাই গোয়ালন্দ প্রেসক্লাবের জরুরী সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তে সাধারন সম্পাদক শামীম শেখ এ মামলা দায়ের করেছেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ধৃত আসামী সুজন খোন্দকারকে বুধবার আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
























