পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- প্রকাশের সময় : ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 15
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে মুসলিম উম্মাহর কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১২ রবিউল আউয়ালকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন মুসলমানরা।
৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন।
মহানবী (সা.)-এর আগমনের আগে আরব সমাজ নানা কুসংস্কার, অন্যায়, হানাহানি ও অরাজকতায় নিমজ্জিত ছিল। মূর্তিপূজা ও নানা অনাচারে আচ্ছন্ন সেই সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ বা অজ্ঞতার যুগ বলা হয়। মানবজাতিকে সেই অন্ধকার থেকে মুক্ত করে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে আল্লাহ তাআলা মহানবী (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেন।
মহানবী (সা.) অল্প বয়স থেকেই আল্লাহর প্রতি গভীর অনুরাগী ছিলেন। তিনি প্রায়ই হেরা পর্বতের গুহায় নির্জনে ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে তিনি হজরত খাদিজা (রা.)-কে বিয়ে করেন এবং ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন।
দিনটি উপলক্ষে বুধবার সরকারি ছুটি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার বাদ মাগরিব থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ ছাড়া বিএনপি নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে। জামায়াতে ইসলামী ও দলটির বিভিন্ন সংগঠন ‘সিরাতুন্নবী (সা.)’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ বাদ আসর বাংলামোটরে দলীয় কার্যালয়ে ‘মেহফিলে ইশক রাসুল (সা.)’ ও নাত-সন্ধ্যার আয়োজন করেছে।



















