পর্তুগালের জার্সিতে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন বাংলাদেশের সিরাজ
- প্রকাশের সময় : ০১:১৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 19
ফুটবলে পর্তুগাল মানেই ক্রিশ্চিয়ানো রোনালদো, ইউসেবিও কিংবা লুইস ফিগোর মতো কিংবদন্তিদের দেশ। তবে ক্রিকেটে দেশটি এখনও বিশ্বমঞ্চে নবীন। সেই পর্তুগালের হয়েই ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার ক্রিকেটার সিরাজ উল্লাহ খাদেম, তিনি ক্রিকেটে নিপু নামে পরিচিত।
১৯৮৮ সালের ১০ জুন জন্ম নেওয়া সিরাজের বয়স ৩৮ পেরিয়েছে। এই বয়সে অনেক ক্রিকেটার যখন অবসরের কথা ভাবেন, তখন তিনি ছুটছেন ক্যারিয়ারের নতুন এক স্বপ্নের পেছনে। পর্তুগালের জার্সিতে বিশ্বকাপ খেলার লক্ষ্যেই এখন তার লড়াই।
পর্তুগাল জাতীয় ক্রিকেট দলে সিরাজের অভিষেক ২০২১ সালের আগস্টে। এখন পর্যন্ত দেশটির হয়ে ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই স্পিনার। তার ঝুলিতে রয়েছে ৪৯ উইকেট। সেরা বোলিং পারফরম্যান্স ১৭ রানে ৫ উইকেট।
সিরাজের ক্রিকেটের হাতেখড়ি বাংলাদেশেই। একসময় খেলেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। ঘরোয়া ক্রিকেটে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করেছেন প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে। তবে সেই অধ্যায় দীর্ঘ হয়নি। ২০০৭ সালে সিলেটের হয়ে সর্বশেষ খেলেন তিনি।
এরপর পর্তুগালে পাড়ি জমালেও ক্রিকেটকে বিদায় জানাননি। বরং কয়েক বছর পর নতুন করে জাতীয় দলের দরজা খুলে যায় তার সামনে। ২০২১ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সিরাজের।
চলতি বছর ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের নিলামের জন্য প্রকাশিত দীর্ঘ তালিকাতেও জায়গা পেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত কোনো দল না পেলেও পর্তুগালের হয়ে বড় স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন এই স্পিনার।
২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ২০ দলের সেই আসরের মূলপর্বে জায়গা করে নিতে পর্তুগালকে পেরোতে হবে দীর্ঘ বাছাইপর্ব।
আগামী ১৪ থেকে ২০ আগস্ট ফিনল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’। ‘বি’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ ইসরায়েল, জার্মানি, গ্রিস ও চেকিয়া। গ্রুপসেরা দল খেলবে ২১ আগস্টের ফাইনালে।
এই বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল উঠবে ইউরোপিয়ান আঞ্চলিক ফাইনালে। সেখানে অপেক্ষা করছে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্ক। আঞ্চলিক পর্ব থেকে সেরা দুই দল পাবে গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার সুযোগ।
পর্তুগালের টি-টোয়েন্টি স্কোয়াড: ময়সেস হেনরিকস (অধিনায়ক), ক্রেইগ কাচোপা, এডওয়ার্ড ফ্লেমিং, ক্রিস্টোফার ডি ফ্রেইটাস, রাহুল কুমার হাশু, সিরাজ উল্লাহ খাদেম, হার্দিপ খুট্টান, জেরেমি মার্টিন্স, ধবলকুমার নোরোতাম, জর্ডান নেতো, কার্লোস নুনেস, সেবাস্তিয়েন ডি অলিভেইরা, উপেন শান্টু ও ক্যামেরন শেক্লেটন।























