বন্যায় স্থগিত আলিম পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ
- প্রকাশের সময় : ০২:১৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 10
বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় স্থগিত হওয়া আলিম পরীক্ষার বিষয়গুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
রোববার (৯ আগস্ট) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, আলিমের বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হবে ২০ আগস্ট। ইংরেজি প্রথমপত্র ২২ আগস্ট, ইংরেজি দ্বিতীয়পত্র ২৪ আগস্ট, আরবি দ্বিতীয়পত্র ২৭ আগস্ট এবং হাদিস ও উসুলুল হাদিস পরীক্ষা ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি পরীক্ষা হবে ৩১ আগস্ট।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর মানবিক বিভাগের রাষ্ট্রবিজ্ঞান ও নাগরিকতা, বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথমপত্র এবং মুজাব্বিদ বিভাগের তাজবিদ প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আল ফিকহ প্রথমপত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর এবং দ্বিতীয়পত্রের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে।
অতিবৃষ্টি ও বন্যার কারণে গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলায় এসএসসি, আলিম ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। ফলে এসব জেলার কিছু বিষয়ের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে অন্যান্য বিষয়ের পরীক্ষা সারা দেশের নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হলেও স্থগিত পরীক্ষাগুলোর জন্য এবার নতুন সূচি প্রকাশ করা হলো।




















