জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান
- প্রকাশের সময় : ১২:১৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 15
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান। সমিতির বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (কোষাধ্যক্ষ) হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য হয়। পরবর্তীতে গঠনতন্ত্রের বিধি অনুযায়ী সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনরত অধ্যাপক এমরান জাহানকে অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
শনিবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার।
গঠনতন্ত্রের নিয়মের বিষয়ে ড. আইরীন আক্তার বলেন, “শিক্ষক সমিতির গঠনতন্ত্র ও বিধি অনুযায়ী সভাপতির পদ শূন্য হলে সহ-সভাপতিই রাষ্ট্র বা সংগঠনের দায়িত্ব পালন করবেন। সে নিয়ম অনুসারেই বর্তমান সহ-সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান আগামী ডিসেম্বর পর্যন্ত সভাপতির দায়িত্বে থাকবেন।”
উল্লেখ্য, শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ‘সহ-সভাপতি’ বিধির ২ নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, কোনো কারণে সভাপতির পদ শূন্য হলে সহ-সভাপতি নির্বাহী পরিষদের অবশিষ্ট মেয়াদকালের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন।
এক যৌথ সিদ্ধান্তের বিষয়ে সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বলেন, “শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। অবশিষ্ট মেয়াদকাল শেষে নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।” নতুন সভাপতি ও কমিটির প্রতি শুভকামনা জানিয়ে তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে এবং শিক্ষক সমিতির স্বার্থে আমার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা বজায় থাকবে।”
নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ড. মো. এমরান জাহান বলেন, “সবার সম্মিলিত সহযোগিতায় শিক্ষক সমিতির সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করব। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক মান ও পরিবেশ উন্নয়নে শিক্ষক সমিতি সবসময় গঠনমূলক ভূমিকা রাখবে।”
প্রসঙ্গত, গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫ সেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে ২০২৬ সেশনের নির্বাচন স্থগিত রেখে বর্তমান কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছিল।

























