ঝিনাইদহে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- প্রকাশের সময় : ০৩:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / 77
জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শহিদ পরিবারের সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন।
বুধবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মনজুর মোর্শেদ, শহিদ রাকিবের বাবা লুৎফর রহমান, মা হাফেজা খাতুন, শহিদ সাব্বিরের বাবা আমোদ আলী, ছাত্র প্রতিনিধি সাইদুর রহমান ও আবু হুরায়রাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক তহুরা খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাইয়ের শহিদরা আত্মত্যাগ করেছেন। তাঁদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। শহিদদের আদর্শ অনুসরণ করে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া র্যালিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহাজাহান আলী, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখরসহ জেলা, সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দিবসের বিভিন্ন কর্মসূচিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।





















