গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা
- প্রকাশের সময় : ০১:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 70
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল প্রতিহত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় একটি মোটরসাইকেলে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন ও সহ-সভাপতি সুমন খন্দকারের নেতৃত্বে দেড় শতাধিক নেতাকর্মী ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জ শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবং নিহত-আহতদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিকে মিছিলের খবর পেয়ে সেটি প্রতিহত করতে ঘটনাস্থলে যান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী অভিযোগ করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছানোর পর ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়, মারধর করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এ হামলায় রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী, সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলার ঘটনায় ইতোমধ্যে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।





















