রাষ্ট্রপতির হাত থেকে দেশসেরা সম্মাননা পেল নওগাঁর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ
- প্রকাশের সময় : ০৩:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 69
পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ দেশসেরা ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেছে। ইউনিয়ন পরিষদের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন চেয়ারম্যান এস এম মোকলেছুর রহমান কামরুল।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দীন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোকলেছুর রহমান কামরুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সরদার সাখাওয়াত হোসেন। এছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), সুইডেন ও কানাডা সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় চেয়ারম্যান এস এম মোকলেছুর রহমান কামরুল বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়; এটি তেঁতুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা আরও আন্তরিকভাবে কাজ করে যাব।’
উল্লেখ্য, প্রতিবছরের ধারাবাহিকতায় মাঠপর্যায়ের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এ বছর সেই মূল্যায়নে দেশসেরা ইউনিয়ন পরিষদের স্বীকৃতি অর্জন করেছে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ।





















