সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়ে কি কোন বার্তা দিল ইরান
- প্রকাশের সময় : ০৬:৫৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 9
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শ্রদ্ধা জানাতে আসা সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াত নির্বাচনের পেছনে কোনো বিশেষ কূটনৈতিক বার্তা ছিল কি না, তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার তেহরানে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরবের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। দলটির নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি।
প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত বিদেশি প্রতিনিধিদের প্রত্যেকের সামনে পবিত্র কোরআন থেকে পৃথক পৃথক আয়াত তেলাওয়াত করা হয়। সৌদি প্রতিনিধিদের জন্য নির্বাচন করা হয় সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত, যেখানে ঐতিহাসিক বদর যুদ্ধের প্রসঙ্গ এসেছে।
আয়াতে বলা হয়েছে, দুই বাহিনীর মুখোমুখি হওয়ার ঘটনায় মানুষের জন্য শিক্ষা রয়েছে। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল অবিশ্বাসী। আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্যে শক্তিশালী করেন এবং এতে চিন্তাশীলদের জন্য শিক্ষা রয়েছে।
ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে ইরান সম্ভবত একটি প্রতীকী বার্তা দিতে চেয়েছে। প্রতিবেদনের ব্যাখ্যা অনুযায়ী, এর মাধ্যমে নিজেদের আল্লাহর পথে থাকা পক্ষ হিসেবে এবং প্রতিপক্ষকে বিপরীত অবস্থানে দেখানোর ইঙ্গিত দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে সৌদি প্রতিনিধিদের সামনে এই নির্দিষ্ট আয়াত তেলাওয়াতের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এর কূটনৈতিক তাৎপর্য নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।
সোর্সঃ ইরান ইন্টারন্যাশনাল
























