মধুখালীতে দুই মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ
- প্রকাশের সময় : ০৪:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 101
ফরিদপুরের মধুখালী উপজেলার একই এলাকায় দুই দিনের ব্যবধানে দুটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাগুলোকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন রাতে উপজেলার বিল আড়ালিয়া বাজারে অবস্থিত কালীমন্দিরে দুর্বৃত্তরা কালী প্রতিমার মাথা ভেঙে ফেলে। এরপর ১৭ জুন রাতে মেঘচামী ইউনিয়নের বামুন্দী সর্বজনীন কালীমন্দিরে শিবের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মন্দিরের পূজারি বিনয় কৃষ্ণ বিশ্বাস পূজা দিতে গিয়ে শিব প্রতিমার মাথা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি মন্দির কমিটি ও স্থানীয়দের অবহিত করেন।
স্থানীয়দের ধারণা, মন্দিরের সামনের গ্রিলের ফাঁক দিয়ে বাঁশ বা অনুরূপ কোনো বস্তু প্রবেশ করিয়ে প্রতিমাটিতে আঘাত করা হয়ে থাকতে পারে। মন্দিরটি পাকা দেয়াল ও টিনের ছাউনি দ্বারা ঘেরা হলেও সামনের অংশ গ্রিল দিয়ে আবদ্ধ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রথম ঘটনার পর কার্যকর ব্যবস্থা নেওয়া হলে দ্বিতীয় ঘটনা এড়ানো সম্ভব হতো।
বামুন্দী সর্বজনীন কালীমন্দিরের সভাপতি রঞ্জন সরকার বলেন, “ঘটনার পরপরই থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
অন্যদিকে বিল আড়ালিয়া বাজার মন্দির কমিটির সভাপতি নিরোদ চক্রবর্তী বলেন, “প্রথম ঘটনার বিষয়ে কোনো মামলা করা হয়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা না থাকায় কার বিরুদ্ধে মামলা করব, সেটিও নিশ্চিত নই।”
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, “প্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।”
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।






















