নেইমারের ফেরার দিনক্ষণ জানালেন কোচ আনচেলত্তি
- প্রকাশের সময় : ১১:২৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / 6
প্রথম দুই ম্যাচে অনুপস্থিত থাকার পর অবশেষে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর এসেছে। আগামী বুধবার (২৪ জুন) মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন নেইমার জুনিয়র।
শনিবার (২০ জুন) হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘সোমবার থেকে নেইমার দলের সঙ্গে যোগ দেবেন। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত থাকবেন।’
ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের হয়ে ম্যাচে চোট পাওয়ার প্রায় এক মাস পর গত মঙ্গলবার প্রথমবার বল পায়ে অনুশীলনে ফেরেন নেইমার। হাইতির বিপক্ষে ম্যাচের জন্য তিনি ফিলাডেলফিয়ায় যাননি। বরং এই বিশ্বকাপের বেস ক্যাম্প মরিস্টনের হোটেলেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন।
রাফিনিয়ার চোটে যখন ব্রাজিল শিবিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে, ঠিক তখনই নেইমারের এই প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই বড় বুস্ট দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। হাইতির বিপক্ষে প্রথমার্ধেই বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল বার্সেলোনার এই উইঙ্গারকে।
এদিন ব্রাজিলের তিনটি গোলের সবকটিই আসে প্রথমার্ধে। দ্বিতীয়োয়ার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেনি সেলেসাওরা। তারপরও মরক্কো ম্যাচের চেয়ে হাইতির বিপক্ষে টোটাল শট, অন-টার্গেট শট এবং বল পজিশনে দল এগিয়ে থাকায় সন্তোষ প্রকাশ করেছেন আনচেলত্তি।
ব্রাজিল কোচ আরও বলেন, ‘আমার মনে হয়, আক্রমণভাগে আমাদের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও সমন্বয় ভালো ছিল। ওরা পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাকই খেলেছে। আমাদের সামনে সব সময় হাইতির পাঁচজন ডিফেন্ডার দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিল, তা ভেঙে সুযোগ তৈরি করা সহজ ছিল না। সার্বিক দিক বিবেচনায় আমার মনে হয়, আমরা ভালো খেলেছি।’

























