ইতিহাস বদলে দিলো আর্জেন্টিনা
- প্রকাশের সময় : ১১:৫২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / 40
অবশেষে বদলে গেল ইতিহাস। বিশ্বচ্যাম্পিয়নের ‘প্রথম ম্যাচের অভিশাপ’ ভাঙল মেসির হ্যাটট্রিকে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরের বিশ্বকাপে প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার যে তিক্ত স্মৃতি যুগের পর যুগ তাড়া করে ফিরেছে আর্জেন্টিনাকে, সেটি এবার অতীত করে দিল লিওনেল স্কালোনির দল। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার একটি অস্বস্তিকর পরিসংখ্যান ছিল। শিরোপা জয়ের পরের আসরে প্রথম ম্যাচে কখনোই জয় দিয়ে শুরু করতে পারেনি তারা। ফলে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উদ্বেগ।
ইতিহাস বলছে, ১৯৭৮ সালে নিজেদের মাটিতে প্রথম বিশ্বকাপ জয়ের পর ১৯৮২ আসরের উদ্বোধনী ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে দ্বিতীয়বার বিশ্বসেরা হওয়ার চার বছর পর, ১৯৯০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ক্যামেরুনের কাছে একই ব্যবধানে পরাজিত হয়ে চমকে দিয়েছিল ফুটবল বিশ্বকে।
সাম্প্রতিক অতীতও ছিল হতাশার। ২০২২ সালের কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের অভিযানে নামার আগে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। যদিও পরে দুর্দান্ত প্রত্যাবর্তন করে বিশ্বকাপ জিতেছিল তারা।
তাই ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে সেই পুরোনো স্মৃতি আবারও ফিরে এসেছিল সমর্থকদের মনে। কিন্তু মাঠের খেলায় কোনো ধরনের সংশয়ের সুযোগ রাখেনি আর্জেন্টিনা।
অধিনায়ক লিওনেল মেসি ছিলেন দুর্দান্ত। তার রেকর্ডগড়া হ্যাটট্রিকের সামনে দাঁড়াতেই পারেনি আলজেরিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আর্জেন্টিনা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে একের পর এক সুযোগ তৈরি করে। আর সেই আধিপত্যেরই প্রতিফলন ঘটে স্কোরলাইনে।
এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ভেঙে দিয়েছে বহু বছরের এক মানসিক বাধা। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে নতুন আসরের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে তারা জানান দিয়েছে অতীতের অভিশাপ নয়, এখন তাদের লক্ষ্য নতুন ইতিহাস লেখা।

























