মান্দায় অনলাইন জুয়ার দুই আস্তানায় অভিযান, গ্রেফতার ১৫
- প্রকাশের সময় : ০৪:৩১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 28
নওগাঁর মান্দায় পৃথক দুই অভিযানে অনলাইন জুয়ার আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম ও নগদ টাকা জব্দসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাত থেকে শুক্রবার (১৫ মে) ভোর পর্যন্ত মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে এসব গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ স্বপন এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটে অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার ও মানুষকে জুয়ার প্রতি উদ্বুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মান্দা উপজেলার কাশোপাড়া (ফকিরপাড়া) গ্রামের সোহেল হোসেন (২৪) ও রবিউল ইসলাম (১৯), এবং নিয়ামতপুর উপজেলার মুড়িহারী গ্রামের সোহেল রানা (২০)।
পুলিশের দাবি, প্রধান আসামি সোহেল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ ও ৫টি ডেস্কটপ কম্পিউটার জব্দ করা হয়।
এদিকে দ্বিতীয় অভিযানে শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে দিনবনি হাড়ি এলাকায় ফজলুর রহমানের একতলা বাড়ির নিচতলায় পরিচালিত একটি অনলাইন জুয়ার সেন্টারে অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি পিসি, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড ও ৩টি ল্যাপটপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই সেন্টারে বিভিন্ন এলাকার তরুণরা এসে অনলাইনে জুয়া খেলতেন। প্রাথমিক তদন্তে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলারের অবৈধ লেনদেনের তথ্যও পাওয়া গেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও জানিয়েছে পুলিশ।






















