কালীগঞ্জে বিএডিসি’র উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এমপি আবু তালিব
- প্রকাশের সময় : ০১:১৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 146
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়নাধীন একটি উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
বুধবার তিনি প্রকল্পের চলমান নির্মাণ কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য প্রকল্পের বিভিন্ন অংশ পরিদর্শন করে দায়িত্বরত প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, “কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএডিসি’র এই প্রকল্পটি সম্পন্ন হলে অত্র এলাকার কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। কাজের মানের ক্ষেত্রে কোনো প্রকার আপস করা হবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরপুর গ্রামে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে সেচ ব্যবস্থা ও কৃষি অবকাঠামোর উন্নয়ন ঘটবে। এতে এলাকার প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের জামায়াত ইসলাম মনোনীত চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব, মনিরুজ্জামান, শাহজাহান, এলডিপি নেতা আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিএডিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মাওলানা আবু তালিব স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।





















