সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের
- প্রকাশের সময় : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / 24
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, হারানো গণতন্ত্র ফিরে পাওয়া গেছে। যা ধরে রাখতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হলে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সমন্বয়, ভ্রাতৃত্ববোধ তথা রাজনৈতিক সংস্কৃতি নতুনভাবে গড়ে তুলতে হবে। আর সেটা করতে হলে আপনারা রাজনৈতিক সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে যার যার রাজনীতি করবেন।
তিনি শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নেত্রকোনায় একটি খাল পুন:খনন কর্মসূচির উদ্বোধন করার সময় উদ্বোধনী সভায় সকল দলের প্রতি এই আহ্বান করেন।
এসময় তিনি আরও বলেন, আপনারা জানেন দেশের পেট্রোল তথা জ্বালানি ঘাটতি নিয়ে যখন বিভিন্ন ধরনের কথা আসছিল, তখন সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবনায় বিরোধী দল এবং সরকারি দলের সমন্বয়ে একটা কমিটি হয়েছে। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমরা বাংলাদেশকে দেখতে চাই ঠিক একইভাবে। যেন সরকার এবং বিরোধীসহ সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। আমি এতটুকু আশা করব আপনারা রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে যার যার রাজনীতি করবেন। গতকাল পূর্বধলায় একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেজন্য আমরা অত্যন্ত মর্মাহত। আমি আশা করছি পুলিশ প্রশাসন যথাযথ আইন প্রয়োগ করে আইনি কাঠামোর মাধ্যমে দোষীদের শাস্তির বিধান করবেন।
তিনি আরও বলেন, কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ও দেশকে সুজলা সুফলা শষ্য শ্যামলা করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খাল খনন কর্মসূচি বন্ধ থাকায় ক্রমান্বয়ে খাল ভরাট হয়ে যাওয়া, বৃষ্টির পানি নিষ্কাশনে ব্যাঘাত, শুষ্ক মৌসুমে পানি শূন্যতা, জীব বৈচিত্র নষ্ট ও পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়ে যাচ্ছিল। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার ৩১ দফা সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় পূণরায় খাল খনন কর্মসূচি শুরু করেন। খাল খনন কর্মসূচি সফল হলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি এদেশ আবার সুজলা সুফলা শষ্য শ্যামলায় পরিণত হবে।
শনিবার দুপুরে এক কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার ভরবিল কাটাখালি থেকে অনছা বিল পর্যন্ত খালটির উদ্বোধনী উপলক্ষে শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা সদরের এমপি ডাক্তার অধ্যাপক মোঃ আনোয়ারুল হক, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, ত্রাণ পুন:বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন ও ইউএনও আসমা বিনতে রফিক।





















