সংসদে আমির হামজার বিচার চাইলেন রুমিন ফারহানা
- প্রকাশের সময় : ০৯:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / 11
নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজ মাহফিলে ‘কদাকার কুৎসিত’ বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার বিচার চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃস্পতিবার (২ এপ্রিল) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের কাছে বিচার দাবি করেন এ স্বতন্ত্র সংসদ সদস্য। তবে তিনি জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার নাম উচ্চারণ করেননি।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের দৃষ্টি আকর্ষণ করে রুমিন ফারহানা বলেন, ‘আজকে ডেইলি স্টারে খবর প্রকাশিত হয়েছে- এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার-কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বিষয়টি দেখবেন।’
এসময় আশপাশের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাকে সমর্থন জানান।
জবাবে স্পিকার বলেন, সংসদের বিধি অনুযায়ী সংবাদপত্রের প্রতিবেদন নিয়ে কোনো পয়েন্ট অব অর্ডার হয় না।





















