গুরুত্বপূর্ণ সংবাদ:
ভুলে যাই আমরা, ভুলে যায় গণমাধ্যমও!
নাহিদুর রহমান হিমেল
- প্রকাশের সময় : ০৫:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 301
সুন্নতে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যু হয়েছিল। ঘটনা ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটেছিল। তখন সবেমাত্র যাত্রা শুরু করেছিল হাসপাতালটি। অপারেশন থিয়েটারে সুন্নতে খতনা করাতে দীর্ঘসময় অচেতন রাখা হয়েছিল আয়ানকে। এই সময়ে কলেজের শিক্ষার্থীদের হাতকলমে কাজ শেখানো হচ্ছিল থিয়েটারের ভেতরেই। পরে আর জ্ঞান ফেরেনি আয়ানের।
সেসময় ব্যাপক আলোচনায় ছিল বিষয়টি। এখন অনেকে ভুলে গেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ঘটনা আলোচনায় চলে আসলে মিডিয়া সেটার পেছনেই লেগে থাকে কয়েকদিন। এরপর ভুলে যায়/ছেড়ে দেয়। এখনকার অধিকাংশ মিডিয়াই ভিউ ব্যবসায় বিশ্বাসী।
আয়ানের মৃত্যুর ঘটনায় করা মামলায় গতকাল ওই হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অনেক গণমাধ্যম এখবরটি হয়তো ইচ্ছে করেই এড়িয়ে গেছে। আবার কোনো কোনো গণমাধ্যম গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এমনকি শুরু থেকেই তারা এই পরিবারকে সহযোগিতা করেছে নানা বিষয়ে।
ওই হাসপাতালে ওই ঘটনারও আগে থেকে আমি আমার বাচ্চাকে দেখাতাম। একজন ভালো শিশু বিশেষজ্ঞ আছেন যাকে এখনো আমার বাচ্চাদের দেখাই। কিন্তু কিছুদিন আগে আমি আমার এক নিকটআত্মীয়কে সেখানে নাক কান গলা বিভাগের একজন ডাক্তারকে দেখাই। প্রথম দিনেই সেখানে মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী ছিল এবং তাদের একজনকে দিয়ে ওই ডাক্তার প্রেসক্রিমশন লেখান। কিছু টেস্ট লিখে দিয়ে পরেরদিন দেখা করতে বলেন। বিষয়টি প্রথমদিন হওয়ায় আমি স্বাভাবিকভাবেই নিয়েছিলাম কিন্তু দ্বিতীয় দিনেও টেস্ট রিপোর্ট দেখানোর সময় কয়েকজন শিক্ষার্থী ছিল। রোগীকে বসিয়ে রেখে আরো একজন শিক্ষার্থীকে ডাকার চেষ্টা করা হয়। আগের দিনের মতোই স্টুডেন্ট দিয়ে প্রেসক্রিপশন লেখানো হয়। রিপোর্ট নিয়ে রোগী বা রোগীর স্বজনের সাথে কোনো কথা বলেনি ডাক্তার। রোগীর বিষয়ে কয়েকবার ডাক্তারের মোনোযোগ আকর্ষণ করা হলেও তিনি কোনো গুরুত্ব না দিয়ে ওষুধ লিখে একজন কার্ডিলজিস্ট দেখাতে বলেন। তবে কেন কার্ডিলজিস্ট দেখাতে হবে সেটিও তিনি বলার প্রয়োজন মনে করেননি। বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের হটলাইনে অভিযোগ জানানো হলে তারা তেমন গুরুত্ব দিতে চায়নি প্রথমে। গণমাধ্যমকর্মী পরিচয় দেওয়ার পর গুরুত্ব দিলেন। এরপর একজন সিনিয়র কর্মকর্তা ফোন করে বিষয়টির জন্য বারবার দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন। ভবিষ্যৎতে এমন ঘটনা আর ঘটবে না বলেও প্রতিশ্রুতি দিলেন!
Tag :

























