১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
- প্রকাশের সময় : ০৮:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / 258
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল নির্বাচন কমিশন (ইসি) দ্বারা। এবারই প্রথম সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়। তবে সাংবাদিকদের তোপের মুখে ইসি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এই সিদ্ধান্ত প্রত্যাহার করে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের আগে প্রায় ১৪ হাজার সাংবাদিক অনলাইনের মাধ্যমে কার্ড ও স্টিকার পেতে আবেদন করেছিলেন। কিন্তু এদের সব তথ্য ইসির নির্ধারিত ওয়েবসাইটে উন্মুক্ত হয়ে যায়।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ইসির ওয়েবসাইটে আবেদনকারীদের নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল নম্বরসহ পুরো আবেদনের কপি হোমপেজে প্রকাশিত হয়। এরপর কিছু সময় পর ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বলেন, “আমরা অনলাইন সিস্টেম শুক্রবার বন্ধ করে দিয়েছি। আজ কীভাবে এটি ওপেন হলো সেটা খোঁজ নিয়ে জানানো হবে।” পরে তিনি জানান, বিকেলে ওয়েবসাইটের অ্যাডমিন দায়িত্বে থাকা ব্যক্তি এটি পুনরায় খোলেন, তবে বর্তমানে সাইট বন্ধ রয়েছে।
ইসির অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনুযায়ী, ওয়েবসাইটে প্রবেশের পর ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিতে হয়। সব ধাপ পূরণ করার পর প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হয়। ওটিপি যাচাইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
এ ঘটনায় সাংবাদিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও অনলাইন ব্যবস্থাপনার বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে।





















