তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণ গেল ৩০ জনের

- প্রকাশের সময় : ১১:০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 191

তুষারঝড় ও তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম এপি’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।
টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা, আরকানসাস, কানসাস, ম্যাসাচুসেটস ও টেনেসিসহ একাধিক অঙ্গরাজ্যে প্রাণহানির ঘটনা ঘটেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, গত দুই দিনে তার শহরেই পাঁচজনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে কয়েকজন সড়ক দুর্ঘটনা ও অন্যান্য দুর্ঘটনায় প্রাণ হারালেও অধিকাংশের মৃত্যু হয়েছে হাইপোথার্মিয়ায়। দীর্ঘ সময় প্রচণ্ড ঠান্ডায় অবস্থানের ফলে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেলে যে জটিলতা সৃষ্টি হয়, তাকে হাইপোথার্মিয়া বলা হয়।
উত্তর মেরু অঞ্চল থেকে আসা হিমেল বাতাসের প্রভাবে চলতি সপ্তাহের শুরু থেকেই যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ ও তুষারঝড় বয়ে যাচ্ছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম এই দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা বর্তমানে পুরু তুষারের স্তরের নিচে চাপা পড়েছে।
তীব্র শীতের কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় অনেক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অচল হয়ে পড়েছে। এর ফলে দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবায় বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ পরিষেবা পর্যবেক্ষণ সংস্থা পাওয়ার আউটেজ ডট কমের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৬ লাখ ৭০ হাজারেরও বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে বহু স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সেগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে ঝড়ো আবহাওয়া ও তীব্র ঠান্ডার প্রভাবে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রোববার বিভিন্ন বিমানবন্দরে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার বাতিল হয়েছে আরও ১০ হাজারের বেশি ফ্লাইট। করোনা মহামারির পর এত স্বল্প সময়ে এত বেশি ফ্লাইট বাতিলের ঘটনা এবারই প্রথম।
সূত্র: এপি, দ্য গার্ডিয়ান

























