হাবিবসহ ৮ পুলিশ কর্মকর্তার মামলার রায় আজ
- প্রকাশের সময় : ০৯:০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / 156
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ সোমবার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় দেওয়া হবে।
২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলের ঘটনায় শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া নিহত হন। এ ঘটনায় তদন্ত শেষে গত বছরের ২১ এপ্রিল প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং ২৫ মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
মামলায় চারজন আসামি গ্রেপ্তার হয়ে বিচারিক কার্যক্রমে অংশ নেন এবং চারজন পলাতক রয়েছেন। শুনানি শেষে ১৪ জুলাই অভিযোগ গঠন করা হয়। ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ১০ ডিসেম্বর শেষ হয় এবং ১৫ ডিসেম্বর যুক্তিতর্ক শুরু হয়। সব পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল আজ রায়ের দিন নির্ধারণ করে।
রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে, অন্যদিকে আসামিপক্ষ বেকসুর খালাস চেয়েছে। ট্রাইব্যুনালের রায়ে আজই নির্ধারিত হবে আট আসামির ভবিষ্যৎ।























