বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন ক্রীড়া উপদেষ্টা
- প্রকাশের সময় : ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / 165
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে তোলপাড় দেশের ক্রিকেটমহল। বাংলাদেশ ও আইসিসি উভয়েই নিজেদের অবস্থানে অনড়। ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না—এ কথা আগেই জানানো হয়েছিল। শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানালেও আইসিসির সোজাসাপ্টা জবাব, ভারতের মাটিতে না খেললে অন্য দলকে যুক্ত করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশের হাতে আছে আজ বৃহস্পতিবারের দিনটি।
উদ্ভূত পরিস্থিতিতে আজ দুপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের মাটিতে গিয়ে খেলা হবে কি না, সেই সিদ্ধান্তসহ বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্টরা বৈঠক করেন। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যানের পরও আশা ছাড়ছেন না বিসিবি সভাপতি। তিনি জানান, বাংলাদেশ এখনও বিশ্বকাপে অংশ নিতে পারবে বলে তিনি বিশ্বাস করেন এবং আইসিসি তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে পারে।
বুলবুল বলেন, আইসিসির প্রেস রিলিজের পর আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়। বৈঠকে বাংলাদেশের অবস্থানের কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে এবং ভোটাভুটিতে যেতে চায়নি বাংলাদেশ। তিনি আরও জানান, সরকারকে চাপ দিতে চান না তারা এবং ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের সঙ্গে আরও আলোচনা করে সেই মতামত আইসিসিকে জানানো হবে।
এর আগে বিশ্বকাপ ইস্যুতে আইসিসির ডাকা ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ছাড়া কেবল পাকিস্তান ভারতের মাটিতে গিয়ে খেলতে না চাওয়ার পক্ষে ভোট দেয়। অন্য সদস্য দেশগুলোর অবস্থান ছিল বাংলাদেশের বিপক্ষে। আইসিসির গভর্নিং বডি বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এবং একই সঙ্গে দাবি করেছে, ভারতে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগের কারণ নেই।






















