অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
- প্রকাশের সময় : ১০:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 164
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই টানা নয়দিনের আপিল শুনানি সম্পন্ন করেছে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই তাদের লক্ষ্য।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি জানান, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত শিথিল করা হয়েছে। এ বিষয়ে সমালোচনা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, তবুও নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বিচার-বিবেচনা এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে এবং কোনো পক্ষের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হয়নি। আপিল শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ধৈর্যশীল আচরণের প্রশংসা করে সিইসি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইন যেহেতু অনুমতি দিয়েছে, সে কারণে কিছু ঋণ খেলাপির প্রার্থিতা বৈধ করতে কমিশন বাধ্য হয়েছে, যদিও এটি করতে গিয়ে তাদের কিছুটা মনঃকষ্ট হয়েছে।





















