একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না : তারেক রহমান
- প্রকাশের সময় : ০৮:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 180
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না।
তিনি বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে হবে।
সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তারেক রহমান।
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে হবে।
সাক্ষাৎকালে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন তারা।
বৈঠকের বিষয়ে বাম দলগুলোর নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, তারেক রহমান যে বিষয়টি তুলে ধরেছেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধই আমাদের রাষ্ট্রের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। তাই ৯০-এর গণঅভ্যুত্থান ও ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
























