২ বছরের মধ্যে ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করার ঘোষণা দিলো এসটিসি

- প্রকাশের সময় : ১১:১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / 183

ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে আগামী দুই বছরের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল (এসটিসি)।
গোষ্ঠীটির প্রেসিডেন্ট আইদারুস আল জুবাইদি শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দেন।
ভাষণে তিনি বলেন, এসটিসির চূড়ান্ত লক্ষ্য স্বাধীনতা এবং সেই লক্ষ্য অর্জনে দুই বছর মেয়াদি একটি রূপান্তর বা ক্রান্তিকালীন পর্ব শুরু করা হচ্ছে। এ সময়ের মধ্যে ইয়েমেনের দক্ষিণ ও উত্তরাঞ্চলের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। দুই বছর আলোচনা শেষে দক্ষিণ ইয়েমেনের স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজন করা হবে বলেও জানান এসটিসি প্রধান।
তবে একই সঙ্গে সতর্কবার্তা দেন আইদারুস আল জুবাইদি। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ই তাদের অগ্রাধিকার। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় আগ্রহ না দেখালে বা দক্ষিণাঞ্চলের জনগণ, ভূমি ও বাহিনীর ওপর হামলা হলে দুই বছর অপেক্ষা না করেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হবে। এটিকে তিনি একটি সাংবিধানিক ঘোষণা হিসেবে উল্লেখ করেন।
প্রসঙ্গত, ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলমান সংঘাতে বর্তমানে রাজধানী সানাসহ উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। দক্ষিণাঞ্চল রয়েছে ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের নিয়ন্ত্রণে, যাকে সৌদি আরব ও তাদের নেতৃত্বাধীন জোট বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে। একসময় সৌদি নেতৃত্বাধীন জোটের মিত্র থাকলেও পরবর্তীতে এসটিসি জোট থেকে সরে গিয়ে দক্ষিণ ইয়েমেনের বিস্তৃত এলাকা দখলে নেয় এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে।
























