ট্রাম্পের ওপর আস্থা প্রকাশ হামাসের

- প্রকাশের সময় : ০৯:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 192

গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার ওপর আস্থা প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের মতে, গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রই সবচেয়ে প্রভাবশালী শক্তি।
আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি মনে করেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা এবং ইসরায়েলকে চুক্তির শর্ত মানতে বাধ্য করার সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রেরই রয়েছে।
হামাস মুখপাত্র আরও বলেন, শারম আল-শেখ শান্তি কাঠামোর আওতায় যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে, সেগুলো যেন ইসরায়েল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করে— সে বিষয়ে ওয়াশিংটনকে চাপ অব্যাহত রাখতে হবে। তার মতে, এভাবেই কেবল এই অঞ্চলে দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
তবে শান্তি আলোচনার পাশাপাশি গাজার মাঠপর্যায়ের পরিস্থিতি এখনো উদ্বেগজনক বলে দাবি করেছে হামাস। হাজেম কাসেম অভিযোগ করেন, গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকায় এখন পর্যন্ত চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক মানুষের সংখ্যাই বেশি।
যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হামাস এবং অবিলম্বে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেছে সংগঠনটি।
























