বিএনপি-জমিয়তে উলামায়ের সমঝোতা: ৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি
- প্রকাশের সময় : ১২:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 246
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে বিএনপি। এই সমঝোতার আওতায় চারটি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, যেসব আসনে জমিয়তের সঙ্গে সমঝোতা হয়েছে, সেখানে বিএনপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে দেশের অন্যান্য আসনে জমিয়তে উলামায়ে ইসলামও প্রার্থী দেবে না।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চারটি আসনে বিএনপি প্রার্থী দেবে না। এসব আসনে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
সমঝোতা অনুযায়ী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যে চারটি আসনে প্রার্থী দেবে, সেগুলো হলো নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২। এসব আসনে জমিয়তের প্রার্থীরা হলেন যথাক্রমে মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মনির হোসাইন কাসেমী, মো. উবায়দুল্লাহ ফারুক ও জুনায়েদ আল হাবীব।
























