ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
- প্রকাশের সময় : ১০:৩৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 173
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক রকিবুল হাসান। তিনি জানান, হাদির এক আত্মীয় মামলার বাদী হয়েছেন এবং মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া। মামলাটি সেনসিটিভ হওয়ায় নম্বর প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারী রয়েছেন।
শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে নিয়মিত গণসংযোগ করছিলেন।
গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রয়েছে।
পুলিশ জানায়, হামলায় জড়িত সন্দেহভাজনদের একজন ফয়সাল করিম সম্প্রতি হাদির নির্বাচনী প্রচারকাজে যুক্ত ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর এলাকার সাবেক নেতা ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।























