হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩
- প্রকাশের সময় : ০৮:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 185
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
ডিএমপি জানায়, আটক ব্যক্তিরা হলেন সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম। এছাড়া র্যাব পৃথক অভিযানে মো. আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। এ সময় হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
রোববার ১৪ ডিসেম্বর বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি চালিয়ে ওসমান হাদিকে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই তদন্ত শুরু করে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ফয়সল করিম মাসুদ ও মো. আলমগীর শেখ। তারা যেন দেশত্যাগ করতে না পারে, সে জন্য তাদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশের দাবি, শেরপুর থেকে আটক সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে লোক পারাপার চক্রের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সন্দেহ, তারা হামলাকারীদের সীমান্ত দিয়ে পার করতে সহায়তা করতে পারে। এ কারণেই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম আরও বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও মূল হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশকেও (বিজিবি) বিষয়টি জানানো হয়েছে, যাতে কোনোভাবেই সন্ত্রাসীরা দেশ ছেড়ে পালাতে না পারে।
সিসিটিভি ফুটেজে দেখা দুই সন্দেহভাজন দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে—এ বিষয়ে তিনি বলেন, তাদের বিদেশে চলে যাওয়ার কোনো তথ্য নেই। পুলিশের সর্বশেষ তথ্যমতে, ফয়সল করিম মাসুদ গত জুলাই মাসে থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরে আসে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, হাদির পরিবার বর্তমানে হাসপাতালে ব্যস্ত থাকায় মামলা দায়ের করা সম্ভব হয়নি। পুলিশ চায়, হাদির পরিবার বাদী হয়ে মামলাটি করুক। প্রয়োজনে পুলিশ মামলা প্রস্তুত করে হাসপাতালে গিয়ে পরিবারের স্বাক্ষর গ্রহণ করবে।
ডিএমপি জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, হামলার ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর জন্য।























