রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
- প্রকাশের সময় : ০৪:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 190
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য একটি সমন্বিত নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে। এতে রাজনৈতিক নেতা ও আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা এবং সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে— সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকবে।
রোববার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের জন্য বাড়তি নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় হামলাকারী ও তাদের সহযোগীদের পুলিশ ইতোমধ্যে শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছে।
প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য সব ইমিগ্রেশন চেকপোস্টে তাদের ছবি ও তথ্য সরবরাহ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবি ও র্যাবের টহল জোরদার করা হয়েছে। দেশের ভেতরে একাধিকবার সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত হলেও স্থান পরিবর্তনের কারণে এখনো গ্রেপ্তার সম্ভব হয়নি।
পুলিশ জানায়, প্রধান সন্দেহভাজনের ট্রাভেল হিস্ট্রি সংগ্রহ করা হয়েছে, যেখানে দেখা যায় তিনি আইটি ব্যবসায়ী পরিচয়ে গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন। এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে— এমন আরও কয়েকজনকে নজরদারির আওতায় আনা হয়েছে।























