বিসিবি নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হলেন যারা
- প্রকাশের সময় : ০৭:৩১:০০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 115
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া, এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন দুইজন।
সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন। এদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক রাজ ও জুলফিকার আলী খান, বরিশাল বিভাগ থেকে সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান এবং রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।
ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটা থেকে নির্বাচিত হয়েছেন ইশতিয়াক সাদেক, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।
এনএসসি কোটায় নির্বাচিত হয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ও এম ইসফাক আহসান।
নির্বাচিত মোট ২৫ পরিচালক আগামী ভোটাভুটিতে সভাপতি ও দুইজন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হবেন।






















